১১ সেপ্টেম্বর (শুক্রবার) রাজধানীর গুলশানে মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। এর পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। এতে দাবি করা হয়, “গুলশানে আওয়ামী লীগের মিছিলের পর ওসি বদলি।” ফটোকার্ডে গুলশান থানার ওসি হিসেবে দাবি করা ব্যক্তিকে উদ্ধৃত করে আরও বলা হয়, “আমাকে কেন, গুলশানের এমপি তারেক রহমানকে বদলি করা হোক।”
এমন দাবিতে প্রচারিত কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
তবে অনুসন্ধানে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। গুলশান থানায় মো. আল আমিন নামে কোনো কর্মকর্তা বর্তমানে ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন না। একই সঙ্গে আওয়ামী লীগের মিছিলের কারণে গুলশান থানার ওসিকে বদলি করা হয়েছে—এমন কোনো নির্ভরযোগ্য তথ্যও পাওয়া যায়নি।
আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে প্রকাশিত বিভিন্ন সংবাদে গুলশান থানার ওসি হিসেবে মো. দাউদ হোসেনের নাম পাওয়া যায়। বিষয়টি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা হলে গুলশান থানার ওসি মো. দাউদ হোসেন জানান, গুলশান থানায় মো. আল আমিন নামে কোনো ওসি নেই এবং তিনিই বর্তমানে থানাটির ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন। ওসি বদলির বিষয়ে তিনি বলেন, এটি বানোয়াট ও অপপ্রচার, এমন কোনো ঘটনা ঘটেনি।
অন্যদিকে, ফটোকার্ডে ব্যবহৃত পুলিশ সদস্যের ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে তার পরিচয় পাওয়া যায়। ছবিতে থাকা ব্যক্তির নাম মো. আল আমিন। তিনি বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসেবে কর্মরত আছেন। তবে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি ওসি নন, এসআই (উপপরিদর্শক) হিসেবে দায়িত্ব পালন করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি বর্তমানে সাভার মডেল থানায় কর্মরত আছেন। তবে তার বর্তমান কর্মস্থলের তথ্যটি কোনো অফিসিয়াল সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।
অতএব, গুলশান থানার ওসি বদলি এবং ওসির মন্তব্যের দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। ফটোকার্ডে ব্যবহৃত ছবিটি বাংলাদেশ পুলিশের সদস্য মো. আল আমিনের হলেও তাকে গুলশান থানার ওসি হিসেবে উপস্থাপন করার তথ্য সঠিক নয়।