🤡 স্যাটায়ার (Satire)

‘দেশের মানুষ এখন শান্তিতে আছে’ স্বরাষ্ট্রমন্ত্রীর নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া

M

Mahfuz Hamdan

🤡 স্যাটায়ার (Satire)
‘দেশের মানুষ এখন শান্তিতে আছে’ স্বরাষ্ট্রমন্ত্রীর নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের নামে একটি বক্তব্য সম্বলিত ফটোকার্ড প্রচারিত হচ্ছে। ফটোকার্ডটিতে তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, “দেশের মানুষ এখন শান্তিতে আছে। খুন, চাঁদাবাজি, মারামারি আর নেই।”


এমন দাবিতে প্রচারিত কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে


তবে অনুসন্ধানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের নামে প্রচারিত এই বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য ও সাক্ষাৎকার পর্যালোচনা করেও তার নামে প্রচারিত মন্তব্যটির কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি।


অনুসন্ধানে দেখা যায়, ফটোকার্ডে থাকা বক্তব্যটি প্রথমে ‘Janina Television’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়। পেজটির বায়োতে উল্লেখ রয়েছে, “একটি বিনোদনমূলক প্ল্যাটফর্ম। আমাদের পোস্টগুলো শুধুমাত্র বিনোদনের অংশ। কোন পোস্ট সিরিয়াসলি নিবেন না।” অর্থাৎ, পেজটি তাদের প্রকাশিত পোস্টকে বিনোদনমূলক কনটেন্ট হিসেবে উপস্থাপন করে।


পরবর্তীতে ‘Janamot Tv’ নামের আরেকটি ফেসবুক পেজ থেকেও একই বক্তব্য সম্বলিত ফটোকার্ড প্রচার করা হয়। ওই পেজের বায়োতে লেখা রয়েছে, “শুধু বিনোদনের জন্য। সমসাময়িক খবর ব্যঙ্গ-সারকাজমে উপস্থাপন! সিরিয়াস হবেন না।” ফলে পেজটির বর্ণনা অনুযায়ী, এটিও ব্যঙ্গাত্মক বা স্যাটায়ারধর্মী কনটেন্ট প্রকাশ করে।


অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ দমন নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন। তবে এসব বক্তব্যের কোথাও তিনি দেশের পরিস্থিতি সম্পর্কে “খুন, চাঁদাবাজি, মারামারি আর নেই” বলে দাবি করেছেন, এমন তথ্য পাওয়া যায়নি।


এর মধ্যে গত ২৬ আগস্ট ২০২৬ তারিখে এক অনুষ্ঠানে দেশের অপরাধ পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অপরাধ দমনে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়।” একই বক্তব্যে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন। অর্থাৎ, তার সাম্প্রতিক বক্তব্যে অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে অবস্থান পাওয়া যায়, তার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ফটোকার্ডের বক্তব্যের সামঞ্জস্য নেই।


সার্বিক অনুসন্ধানে দেখা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ “দেশের মানুষ এখন শান্তিতে আছে। খুন, চাঁদাবাজি, মারামারি আর নেই” এমন কোনো বক্তব্য দিয়েছেন বলে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। বরং ফটোকার্ডে থাকা বক্তব্যটির প্রচারের সূত্র হিসেবে স্যাটায়ারধর্মী ফেসবুক পেজের পোস্টই পাওয়া গেছে। তাই স্বরাষ্ট্রমন্ত্রীর নামে প্রচারিত এই মন্তব্যটি তার প্রকৃত বক্তব্য নয়,  স্যাটায়ারধর্মী পেজ থেকে প্রচারিত একটি বক্তব্যকে তার নামে উপস্থাপন করা হয়েছে।

তথ্যসূত্র (Sources & References)

আরও পড়ুন