মিথ্যা (False)

“এনসিপিতে যোগ দিয়ে ভুল করেছি” ইসহাক সরকারের নামে ভুয়া মন্তব্য প্রচার

T

Team BC

মিথ্যা (False)
“এনসিপিতে যোগ দিয়ে ভুল করেছি” ইসহাক সরকারের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড প্রচারিত হচ্ছে। ফটোকার্ডে তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, “এনসিপিতে যোগ দিয়ে জীবনের চরম ভুল করেছি। আসিফের মতো ছেলে আমাকে দিয়ে চা আনায়।”


এমন দাবিতে প্রচারিত কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে


তবে অনুসন্ধানে ইসহাক সরকারের নামে প্রচারিত এই মন্তব্যের সত্যতা পাওয়া যায়নি। ইসহাক সরকারের ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনা করে তার এমন কোনো মন্তব্য বা বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি প্রাসঙ্গিক কিওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করেও নির্ভরযোগ্য কোনো সংবাদমাধ্যমে ইসহাক সরকারের নামে এমন মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।


প্রচারিত ফটোকার্ডটির গ্রাফিক্স সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি ক্যাম্পাস’-এর আদলে তৈরি করা হয়েছে। এতে ‘The Daily Campus’ এর লোগো এবং ১৩ সেপ্টেম্বর তারিখ ব্যবহার করা হয়েছে। তবে দ্য ডেইলি ক্যাম্পাসের ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যালোচনা করে ১৩ সেপ্টেম্বর বা এর আগে ইসহাক সরকারকে উদ্ধৃত করে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। অর্থাৎ, ফটোকার্ডটি দ্য ডেইলি ক্যাম্পাসের প্রকাশিত নয়।


অনুসন্ধানে দেখা যায়, ফটোকার্ডটির নিচে ওয়েবসাইট হিসেবে ‘theshibircampus. com’ উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে এই নামে একটি ফেসবুক পেজ ও পাওয়া যায়, যেখানে ফটোকার্ডটি প্রচার করা হয়েছে। তবে একই মন্তব্য এর আগে ‘Daily Jamaat-er-somoy’ নামের একটি স্যাটায়ার পেজ থেকে প্রচারিত হয়েছিল। অর্থাৎ, ফটোকার্ডটির প্রথম প্রচারের সূত্র হিসেবে ওই স্যাটায়ার পেজের পোস্ট পাওয়া যায়। পরবর্তীতে একই ফটোকার্ড বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকে এটিকে সত্য ঘটনা বা প্রকৃত সংবাদ হিসেবে প্রচার করছেন।


ফলে, প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইসহাক সরকারের নামে প্রচারিত মন্তব্যটির কোনো নির্ভরযোগ্য উৎস পাওয়া যায়নি। বরং এটি প্রথমে একটি স্যাটায়ার পেজ থেকে প্রচারিত হওয়ার প্রমাণ পাওয়া গেছে এবং পরবর্তীতে দ্য ডেইলি ক্যাম্পাসের গ্রাফিক্সের আদলে তৈরি ফটোকার্ডের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া হয়েছে।


অতএব, “এনসিপিতে যোগ দিয়ে জীবনের চরম ভুল করেছি। আসিফের মতো ছেলে আমাকে দিয়ে চা আনায়” ইসহাক সরকারের নামে প্রচারিত এই মন্তব্যটি ভুয়া।

আরও পড়ুন