সামাজিক যোগাযোগমাধ্যমে ‘Bangladesh 2.0’ নামের একটি ফেসবুক পেজ থেকে বিএনপির চেয়ারপারসন ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যের একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, তিনি তার ছেলে ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘ক্ষমতালোভী’ বলে মন্তব্য করেছেন।
ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, “তারেক রহমানকে নিয়ে একি বললেন খালেদা জিয়া! তাহলে তারেক রহমান ক্ষমতা লোভী? আসলেই ইন্ডিয়ার কাছে মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছেন? আন্দোলন কেন ঢাকায় করা সম্ভব ছিল না?”
প্রচারিত ভিডিওতে খালেদা জিয়াকে বলতে শোনা যায়, “এখানে আবার পরিবারের মধ্যে গন্ডগোল আছে। তারেক রহমানকে তো আপনারা ভালো করেই চিনেন। বউয়ের সাথেও গন্ডগোল। বউও চায় ক্ষমতা, সেও চায় ক্ষমতা।”
তবে অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি সম্পাদিত এবং বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে। বক্তব্যটির মূল ভিডিও বিএনপির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। ২০১৫ সালের ৪ নভেম্বর প্রকাশিত ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, “১লা নভেম্বর ২০১৫, লন্ডনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাষণ।”
প্রায় ৩৭ মিনিটের ওই ভিডিওটির ২৫ মিনিট ৩০ সেকেন্ডের অংশে খালেদা জিয়াকে বলতে শোনা যায়, “এই এরশাদ প্রথমে অংশগ্রহণ করেনাই। এরশাদ কিন্তু রংপুর থেকে উইথড্র করেছে তার সিট। ঢাকা থেকে করতে চেয়েছে, জোর করে তাকে করতে দেয়া হয়নি। এখানে আবার পরিবারের মধ্যে গন্ডগোল আছে। তাকে তো আপনারা ভালো করে চিনেন। বউয়ের সঙ্গেও গন্ডগোল। বউও চায় ক্ষমতা, সেও চায় ক্ষমতা।”
অর্থাৎ, মূল বক্তব্যে খালেদা জিয়া তারেক রহমানকে নিয়ে কথা বলছিলেন না। তিনি ২০১৪ সালের জাতীয় নির্বাচন প্রসঙ্গে তৎকালীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সম্পর্কে কথা বলছিলেন। বক্তব্যের শুরুতেই তিনি এরশাদের নির্বাচনে অংশগ্রহণ এবং রংপুর ও ঢাকার আসন থেকে নির্বাচন প্রসঙ্গ উল্লেখ করেন। পরবর্তী অংশে তিনি এরশাদের পারিবারিক দ্বন্দ্বের প্রসঙ্গ টেনে বলেন, “তাকে তো আপনারা ভালো করে চিনেন। বউয়ের সঙ্গেও গন্ডগোল। বউও চায় ক্ষমতা, সেও চায় ক্ষমতা।”
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওতে মূল বক্তব্যের “তাকে” শব্দটি কেটে দিয়ে তার স্থলে “তারেক রহমানকে” যুক্ত করা হয়েছে। ফলে বক্তব্যটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন খালেদা জিয়া তারেক রহমান ও তার স্ত্রীকে ক্ষমতালোভী হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু মূল ভিডিওতে এমন কোনো বক্তব্য নেই।
সুতরাং, ২০১৫ সালে লন্ডনে দেওয়া বেগম খালেদা জিয়ার হুসেইন মুহম্মদ এরশাদকে নিয়ে করা বক্তব্যের অংশবিশেষ কেটে সেখানে “তারেক রহমান” শব্দটি যুক্ত করে প্রচার করা ভিডিওটি বিভ্রান্তিকর।