সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানের নামে একটি ফটোকার্ড প্রচারিত হচ্ছে। ফটোকার্ডটিতে তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, “নাসিরুদ্দিন পাটোয়ারীর মতো নোংরা মানসিকতার ছেলেরাই মূলত বড় হয়ে কর্ণেল ওলীর মতো স্বার্থান্বেষী ও পল্টিবাজ মানুষে পরিণত হয়।”
এমন দাবিতে প্রচারিত কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
তবে অনুসন্ধানে মাহমুদুর রহমানের নামে প্রচারিত এই মন্তব্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি। দৈনিক আমার দেশ এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও পোস্ট পর্যালোচনা করেও তার এমন কোনো বক্তব্যের সন্ধান মেলেনি।
এ ছাড়া সামাজিক মাধ্যমে প্রচারিত ফটোকার্ডটিতেও কথিত বক্তব্যটি কোথায়, কখন বা কোন সূত্রে মাহমুদুর রহমান দিয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। সাধারণত কোনো ব্যক্তির বক্তব্য উদ্ধৃত করে তৈরি ফটোকার্ডে বক্তব্যের সূত্র, প্রকাশের তারিখ কিংবা সংশ্লিষ্ট প্রতিবেদন বা পোস্টের তথ্য থাকলে তা বক্তব্যটির উৎস যাচাইয়ে সহায়ক হয়। কিন্তু আলোচিত ফটোকার্ডে এমন কোনো তথ্য নেই।
অনুসন্ধানে মাহমুদুর রহমানের বক্তব্য হিসেবে প্রচারিত উক্তিটির কোনো মূল উৎসও খুঁজে পাওয়া যায়নি। ফলে এটি মাহমুদুর রহমানের দেওয়া বক্তব্য, এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সার্বিক অনুসন্ধানে, দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানের নামে প্রচারিত মন্তব্যটির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। তাই মাহমুদুর রহমানের নামে প্রচারিত এই মন্তব্য-সম্বলিত ফটোকার্ডটি ভুয়া।