মিথ্যা (False)

ইন্দোনেশিয়ার অগ্ন্যুৎপাতের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই-নির্মিত

M

Mahfuz Hamdan

মিথ্যা (False)
ইন্দোনেশিয়ার অগ্ন্যুৎপাতের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই-নির্মিত

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে সম্প্রতি দীর্ঘস্থায়ী অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও একাধিক মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, এটি আনাক ক্রাকাতোয়ার সাম্প্রতিক অগ্ন্যুৎপাতের দৃশ্য।


একই ভিডিও সম্বলিত ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে


প্রচারিত ভিডিওতে একটি বিশাল বিস্ফোরণের মতো শব্দের সঙ্গে আগুনের শিখা ও জ্বলন্ত পদার্থ প্রচণ্ড বেগে ওপরের দিকে উঠতে দেখা যায়। এ সময় একজনকে বলতে শোনা যায়, “Oh my God, it’s erupting।” এরপর আতঙ্কিত মানুষের চিৎকার এবং “Go, go” বলতে শোনা যায়। ভিডিওটির দৃশ্যে বাড়িঘর, গাড়ি, রাস্তা এবং বৈদ্যুতিক খুঁটি ও তারও স্পষ্টভাবে দেখা যায়।


তবে অনুসন্ধানে ভিডিওটির সঙ্গে আনাক ক্রাকাতোয়ার সাম্প্রতিক অগ্ন্যুৎপাতের কোনো নির্ভরযোগ্য যোগসূত্র পাওয়া যায়নি।


ইন্দোনেশিয়ার সরকারি ভূতাত্ত্বিক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ৪ সেপ্টেম্বর ২০২৬ স্থানীয় সময় রাত ১১টা ৭ মিনিটে আনাক ক্রাকাতোয়ায় ধারাবাহিক অগ্ন্যুৎপাত শুরু হয়, যা ৬ সেপ্টেম্বর রাত ১২টা ৪ মিনিট পর্যন্ত প্রায় ২৫ ঘণ্টা স্থায়ী হয়। এ সময় আগ্নেয়গিরি থেকে ছাই, আগ্নেয় পদার্থ ও লাভা নির্গত হওয়ার পাশাপাশি লাভা ফাউন্টেন এবং প্রচণ্ড গর্জনের শব্দও পর্যবেক্ষণ করা হয়।


অর্থাৎ, আনাক ক্রাকাতোয়ায় সাম্প্রতিক সময়ে দীর্ঘস্থায়ী অগ্ন্যুৎপাতের ঘটনা সত্য হলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি ওই অগ্ন্যুৎপাতের দৃশ্য, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইন্দোনেশিয়ার সরকারি সূত্র ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক অগ্ন্যুৎপাতের ছবি ও ভিডিওর সঙ্গেও প্রচারিত ফুটেজটির মিল পাওয়া যায়নি।


ভিডিওটির সত্যতা যাচাইয়ে এর বিভিন্ন সংস্করণ Hive Moderation-এর এআই কনটেন্ট শনাক্তকারী টুলে পরীক্ষা করা হয়। পরীক্ষায় ভিডিওগুলোর ক্ষেত্রে ৬২ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত এআই-জেনারেটেড হওয়ার সম্ভাবনা দেখানো হয়েছে। যদিও কোনো এআই শনাক্তকারী টুলের ফলাফল এককভাবে কোনো ভিডিওকে এআই-নির্মিত প্রমাণ করে না, এই ফলাফল ভিডিওটির কৃত্রিমভাবে তৈরি হওয়ার সম্ভাবনাকে জোরালো করে।

হাইভ মডারেশনের রেজাল্ট


ভিডিওটির দৃশ্যের সঙ্গেও আনাক ক্রাকাতোয়ার বাস্তব অবস্থানের অসঙ্গতি রয়েছে। আনাক ক্রাকাতোয়া ইন্দোনেশিয়ার জাভা ও সুমাত্রার মধ্যবর্তী সুন্দা প্রণালীতে অবস্থিত একটি সক্রিয় আগ্নেয় দ্বীপ। এটি একটি নবীন ও অত্যন্ত সক্রিয় আগ্নেয়গিরি, যার অগ্ন্যুৎপাতের কারণে দ্বীপটির আকৃতি নিয়মিত পরিবর্তিত হয়। ঝুঁকিপূর্ণ অবস্থানের কারণে দ্বীপটি জনমানবহীন এবং সেখানে কোনো স্থায়ী বসতি নেই। আগ্নেয়গিরিটির চারপাশে কর্তৃপক্ষ নিরাপত্তাজনিত কারণে প্রবেশ-নিষেধাজ্ঞা অঞ্চলও বজায় রাখে।


অন্যদিকে, ভাইরাল ভিডিওতে আগ্নেয়গিরির আশপাশে বাড়িঘর, সড়ক, গাড়ি এবং বৈদ্যুতিক খুঁটি ও তারের মতো বেসামরিক অবকাঠামো দেখা যায়। ফলে ভিডিওতে দেখানো পরিবেশ আনাক ক্রাকাতোয়ার বাস্তব ভৌগোলিক অবস্থানের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়।


সবদিক বিবেচনায়, আনাক ক্রাকাতোয়ায় ৪–৬ সেপ্টেম্বর ২০২৬ দীর্ঘস্থায়ী অগ্ন্যুৎপাতের ঘটনা সত্য হলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি সেই অগ্ন্যুৎপাতের বাস্তব ফুটেজ নয়। ভিডিওটির নির্ভরযোগ্য উৎসের সন্ধান পাওয়া যায়নি, দৃশ্যমান অবকাঠামোর সঙ্গে আনাক ক্রাকাতোয়ার অবস্থানের অসঙ্গতি রয়েছে এবং এর বিভিন্ন সংস্করণে উচ্চমাত্রার এআই-জেনারেটেড হওয়ার সম্ভাবনা শনাক্ত হয়েছে।


সুতরাং, আনাক ক্রাকাতোয়ার সাম্প্রতিক অগ্ন্যুৎপাতের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি ভুয়া/এআই দ্বারা তৈরি।