সত্য জানুন, সচেতন থাকুন

Bangla Check
এআই-নির্মিত

পোশাক শ্রমিকদের আন্দোলনে পুলিশের গুলিতে ২ জন নিহতের দাবিতে এআই ভিডিও প্রচার

বাংলাচেক ২ মিনিট পড়ুন ৩ বার পড়া হয়েছে
পোশাক শ্রমিকদের আন্দোলনে পুলিশের গুলিতে ২ জন নিহতের দাবিতে এআই ভিডিও প্রচার

প্রথম প্রকাশ: নভেম্বর ২, ২০২৬

তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা, গাজীপুর, আশুলিয়া ও মিরপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন ও বিক্ষোভ চলছে। কয়েকটি এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের গুলি করার একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনে পুলিশের গুলিতে দুইজন নিহত হয়েছেন। একাধিক ফেসবুক আইডি ও পেজ থেকে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

এমন দাবিতে প্রচারিত কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এবং এখানে।

তবে বাংলাচেকের অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সঠিক নয়। প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক পোশাক শ্রমিকদের আন্দোলনের কোনো ঘটনার দৃশ্য নয়; বরং ভিডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি।

ভিডিওটি পর্যবেক্ষণ করে বেশ কিছু অসঙ্গতি দেখা যায়। বিশেষ করে, ভিডিওতে এক ব্যক্তিকে রাস্তায় থাকা কাঠ বা স্টিলের ব্যারিকেড ভেদ করে চলে যেতে দেখা যায়, যা বাস্তবসম্মত নয়। ভিডিওর বিভিন্ন দৃশ্যেও এআই-নির্মিত কনটেন্টের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়।

এছাড়া একই ভিডিও চলতি বছরের ফেব্রুয়ারিতেও ‘ঢাকায় পুলিশের অ্যাকশন’ দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছিল। সে সময় ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার ভিডিওটি যাচাই করে এটিকে এআই-জেনারেটেড বলে শনাক্ত করে।

অন্যদিকে, ভিডিওতে পুলিশের গুলি করার দৃশ্য হিসেবে দেখানো অংশটির একটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘bdnews24.com’-এর ওয়েবসাইটে ২০২৫ সালের ৯ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে হুবহু একই ছবির সন্ধান পাওয়া যায়। ওই প্রতিবেদনের বিস্তারিত বিবরণ অনুযায়ী, ছবিটি ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত আন্দোলনের সময় ধারণ করা হয়েছিল।

অর্থাৎ, পুরোনো একটি ছবির দৃশ্যের সঙ্গে এআই-নির্মিত ভিডিও ব্যবহার করে সেটিকে বর্তমান পোশাক শ্রমিকদের আন্দোলনের ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে।

সুতরাং, চলমান পোশাক শ্রমিকদের আন্দোলনে পুলিশের গুলিতে দুইজন নিহত হওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি সত্য নয়। এটি এআই প্রযুক্তিতে তৈরি এবং পুরোনো আন্দোলনের একটি ছবি ব্যবহার করে সাম্প্রতিক ঘটনার সঙ্গে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে।