সত্য জানুন, সচেতন থাকুন

Bangla Check
মিথ্যা

ফাতিমা তাসনিম জুমার নামে ‘হাদীর নামে হল’ নিয়ে ভুয়া ফটোকার্ড প্রচার

Mahfuz Hamdan ২ মিনিট পড়ুন ২ বার পড়া হয়েছে
ফাতিমা তাসনিম জুমার নামে ‘হাদীর নামে হল’ নিয়ে ভুয়া ফটোকার্ড প্রচার

প্রথম প্রকাশ: অক্টোবর ৫, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে ডাকসু নেত্রী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমার নামে একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, “শেখ মুজিবের বদলে হাদীর নামে হলের দাবি, এটা শুধু আমার একার নয়, ১৮ কোটি মানুষের দাবি।”

এমন দাবিতে প্রচারিত কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে এবং এখানে।

তবে অনুসন্ধানে ফাতিমা তাসনিম জুমার নামে প্রচারিত এই মন্তব্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। তাঁর ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনা করে এমন কোনো মন্তব্য বা বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি প্রাসঙ্গিক বিভিন্ন কী-ওয়ার্ডে অনুসন্ধান করেও নির্ভরযোগ্য কোনো সংবাদমাধ্যম বা গ্রহণযোগ্য সূত্রে তাঁর নামে উল্লিখিত বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।

অন্যদিকে, অনুসন্ধানে দেখা যায়, ফটোকার্ডটি প্রথমে ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি স্যাটায়ার পেজ থেকে প্রচার করা হয়। পরবর্তীতে সেটিই সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকে ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, ২০২৫ সালের ডিসেম্বরে দুর্বৃত্তের গুলিতে নিহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদী। তাঁর মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদী হল’ করার দাবি ওঠে। একপর্যায়ে শিক্ষার্থীরা হলের প্রধান ফটকের পুরোনো নামফলক সরিয়ে সেখানে ‘শহীদ ওসমান হাদী হল’ লেখা নামফলক স্থাপন করেন।

তবে হলটির নাম পরিবর্তনের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট থেকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি। ফলে সম্প্রতি হলের প্রধান ফটকে আগের নামফলক ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।

সুতরাং, ফাতিমা তাসনিম জুমা “শেখ মুজিবের বদলে হাদীর নামে হলের দাবি, এটা শুধু আমার একার নয়, ১৮ কোটি মানুষের দাবি” এমন মন্তব্য করেছেন বলে প্রচারিত ফটোকার্ডটির সত্যতা পাওয়া যায়নি। ফটোকার্ডটি একটি স্যাটায়ার পেজ থেকে প্রচারিত হয়েছে; তাই এটিকে ফাতিমা তাসনিম জুমার প্রকৃত বক্তব্য হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর।