এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩% দাবিটি ভিত্তিহীন

দাবির উৎস: ফেসবুক
প্রথম প্রকাশ: অক্টোবর ৩০, ২০২৬
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সময় টিভির বরাতে দাবি করা হচ্ছে, ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ। দাবিটির পক্ষে সময় টিভির নিউজ টিকার সম্বলিত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। এতে নিউজ টিকারে লেখা রয়েছে, “আগামী ৩১ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ। পাশের হার ৫৩.২৩%।”
এমন দাবিতে প্রচারিত কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এবং এখানে।
তবে অনুসন্ধানে সময় টিভির ফেসবুক পেজ ও ওয়েবসাইটে ৫৩.২৩ শতাংশ পাসের হার সংক্রান্ত কোনো সংবাদ পাওয়া যায়নি। পাশাপাশি দেশের অন্যান্য সংবাদমাধ্যমেও এমন কোনো তথ্য প্রকাশের প্রমাণ মেলেনি।
এদিকে, গত ২৪ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। পরবর্তীতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গত ২৭ অক্টোবর জানান, ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর (শনিবার) এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
অর্থাৎ, প্রচারিত ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার সময় পর্যন্ত ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি। ফলে পরীক্ষার চূড়ান্ত পাসের হার ৫৩.২৩ শতাংশ, এমন তথ্য প্রকাশেরও কোনো সুযোগ নেই।
এছাড়া, সময় টিভির নিউজ টিকার হিসেবে প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করে এতে সম্পাদনার কিছু অসঙ্গতি দেখা যায়। নিউজ টিকারের মূল লাল অংশের ওপর সাদা আকৃতির একটি অংশ স্পষ্টভাবে লক্ষ করা যায়। একই সঙ্গে টিকারে ব্যবহৃত লেখাতেও বানানগত অসঙ্গতি রয়েছে। এসব বিষয় থেকে ছবিটি সম্পাদনা করে তৈরি করা হয়েছে বলে প্রতীয়মান হয়।
সুতরাং, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ, এমন দাবিটি ভিত্তিহীন। পাশাপাশি সময় টিভির নিউজ টিকার হিসেবে প্রচারিত ছবিটিও সম্পাদিত।
তথ্যসূত্র ও যাচাইয়ের পদ্ধতি
এই রায়ের পেছনে যে উৎসগুলো দেখা হয়েছে:
- ১
- ২