সত্য জানুন, সচেতন থাকুন

Bangla Check
বিভ্রান্তিকর

২০২৫ সালের পুরোনো ভিডিও সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার

বাংলাচেক ২ মিনিট পড়ুন ২ বার পড়া হয়েছে
২০২৫ সালের পুরোনো ভিডিও সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার

দাবির উৎস: সংবাদমাধ্যম

প্রথম প্রকাশ: অক্টোবর ৫, ২০২৬

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে ঘাড় ধরে নিয়ে যাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। জাতীয় গণমাধ্যম যুগান্তরসহ একাধিক গণমাধ্যমের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ থেকে ভিডিওটি প্রচার করা হয়েছে। এসব পোস্টে ভিডিওটির সঙ্গে ঘটনার সময়কাল বা বিস্তারিত কোনো প্রেক্ষাপট উল্লেখ করা হয়নি।

যুগান্তরের ফেসবুক পোস্টে ভিডিওটি প্রচার করে লেখা হয়েছে, “হয়রানির প্রতিবাদে যাত্রীকে ঘাড় ধরে নিয়ে গেলেন বিমানবন্দর কর্মকর্তা”। তবে পোস্টটিতে ঘটনাটি কবে ঘটেছে, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। একইভাবে, অন্যান্য কয়েকটি সংবাদমাধ্যমও (১, ২, ৩) ভিডিওটি কোনো প্রাসঙ্গিক তথ্য ছাড়াই প্রচার করেছে।

ভিডিওটির উৎস ও প্রেক্ষাপট অনুসন্ধান করে দেখা যায়, এটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়। ২০২৫ সালের জানুয়ারিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া একটি ঘটনার ভিডিও এটি।

ভিডিওটির সঙ্গে মিল থাকা ঘটনার বিষয়ে ২০২৫ সালের ১৯ জানুয়ারি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক ইত্তেফাক। প্রতিবেদনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বক্তব্যের বরাতে বলা হয়, ঘটনাটি ঘটে ২০২৫ সালের ১৩ জানুয়ারি। সেদিন তুর্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে লন্ডন যাওয়ার জন্য একটি পরিবারের পাঁচ সদস্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান।

বিমানবন্দরে চেক-ইনের সময় পরিবারের সঙ্গে থাকা একটি লাগেজ নিয়ে তুর্কিশ এয়ারলাইন্সের কর্মীদের সঙ্গে তাদের বিরোধের সৃষ্টি হয়। বেবিচকের তথ্য অনুযায়ী, লাগেজটির ওজন ছিল ২৪ কেজি, যা হ্যান্ড লাগেজ হিসেবে অনুমোদিত সীমার বেশি ছিল। এছাড়া লাগেজের মধ্যে কাঁচা শাকসবজিও ছিল। এ নিয়ে যাত্রীদের সঙ্গে এয়ারলাইন্সের কর্মীদের বাগ্বিতণ্ডা হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে একজন যাত্রীকে ধরে হোল্ডিং লাউঞ্জে নিয়ে যাওয়া হয়। পরে তাকে বুঝিয়ে শান্ত করা হয় এবং লাগেজে থাকা সবজি ফেলে দিয়ে খালি ব্যাগ নিয়ে তাকে বিমানে প্রবেশের সুযোগ দেওয়া হয়। ঘটনাটি নিয়ে সে সময়ই বিভিন্ন মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

অর্থাৎ, বর্তমানে প্রচারিত ভিডিওটি ২০২৫ সালের জানুয়ারিতে ঘটে যাওয়া ঘটনার, সাম্প্রতিক কোনো বিমানবন্দর হয়রানির ঘটনার নয়। যদিও সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর পোস্টে সরাসরি ভিডিওটিকে ২০২৬ সালের ঘটনা বলে দাবি করা হয়নি, তবে ঘটনার সময়কাল ও প্রেক্ষাপট বাদ দিয়ে ভিডিওটি প্রচার করায় দর্শকের মধ্যে এটি সাম্প্রতিক ঘটনা,এমন ধারণা তৈরি হওয়ার সুযোগ রয়েছে।

অতএব, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীকে ঘাড় ধরে নিয়ে যাওয়ার ভিডিওটি পুরোনো। এটি ২০২৫ সালের ১৩ জানুয়ারির ঘটনার ভিডিও, যা সম্প্রতি একাধিক গণমাধ্যম কোনো সময়কাল বা প্রেক্ষাপট উল্লেখ না করেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছে।

তথ্যসূত্র ও যাচাইয়ের পদ্ধতি

এই রায়ের পেছনে যে উৎসগুলো দেখা হয়েছে:

  1. ১
    Daily Ittefaq ittefaq.com.bd