দিল্লিতে আন্দোলনকারীদের ঠেকাতে রাস্তায় আবর্জনা ফেলার দাবিতে পানিপথের পুরনো ভিডিও প্রচার

দাবির উৎস: সংবাদমাধ্যম
প্রথম প্রকাশ: অক্টোবর ১০, ২০২৬
১০ অক্টোবর ২০২৬ তারিখে নয়াদিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP) এর পূর্বঘোষিত প্রতিবাদ কর্মসূচিকেকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে পরিচ্ছন্নতাকর্মীদের গাড়ি থেকে রাস্তায় আবর্জনা ফেলে তা ছড়িয়ে দিতে দেখা যায়। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, আন্দোলনকারীদের জন্তর মন্তরে পৌঁছাতে বাধা দিতে দিল্লি প্রশাসন রাস্তার ওপর আবর্জনা ফেলে ব্যারিকেড তৈরি করেছে। একই দাবিতে ভিডিওটি বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমেও (১, ২, ৩, ৪) প্রচারিত হয়েছে।
তবে অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি নয়াদিল্লির নয়। ভিডিওটি হরিয়ানার পানিপথের এবং এটি ১৭ আগস্ট ২০২৬ তারিখের একটি ঘটনার ভিডিও।
রিভার্স সার্চ ও প্রাসঙ্গিক কীওয়ার্ড অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম ‘দৈনিক ভাস্কর’-এ একই ভিডিওর সন্ধান পাওয়া যায়। ১৭ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, হরিয়ানায় মিউনিসিপ্যাল এমপ্লয়িজ ইউনিয়নের ব্যানারে স্যানিটেশন, সিউয়ার ও দমকলকর্মীদের চলমান ধর্মঘট ওই সময় আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। গত ৬ আগস্ট থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের ধর্মঘটের মেয়াদ ১৮ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছিল।
প্রতিবেদন অনুযায়ী, ধর্মঘটের অংশ হিসেবে পানিপথের কনস্টিটিউশন চকে কয়েক ডজন স্যানিটেশন কর্মী জড়ো হন। সেখানে তারা প্রতিবাদ হিসেবে আবর্জনাবাহী একটি ডাম্পার রাস্তায় উল্টে দেন এবং ডাম্পার থেকে বিপুল পরিমাণ ময়লা রাস্তার ওপর ফেলে দেন। এতে পানিপথের জিটি রোডে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
অর্থাৎ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির দৃশ্যের সঙ্গে দিল্লিতে ১০ অক্টোবরের CJP-এর প্রতিবাদ সমাবেশের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। ভিডিওটি প্রায় দুই মাস আগের এবং হরিয়ানার পানিপথে পৌরকর্মীদের ধর্মঘটের সময় ধারণ করা হয়েছিল।
অতএব, হরিয়ানার পানিপথে ১৭ আগস্ট ২০২৬ তারিখে পৌরকর্মীদের বিক্ষোভের সময় ধারণ করা একটি ভিডিওকে নয়াদিল্লিতে CJP-এর প্রতিবাদ সমাবেশকে ঘিরে দিল্লি প্রশাসনের আবর্জনা ফেলে ব্যারিকেড তৈরির দৃশ্য হিসেবে প্রচার করা হচ্ছে, দাবিটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র ও যাচাইয়ের পদ্ধতি
এই রায়ের পেছনে যে উৎসগুলো দেখা হয়েছে:
- ১