সত্য জানুন, সচেতন থাকুন

Bangla Check
মিথ্যা

জাহেদ উর রহমানের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

বাংলাচেক ২ মিনিট পড়ুন ৮ বার পড়া হয়েছে
জাহেদ উর রহমানের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

প্রথম প্রকাশ: সেপ্টেম্বর ২৭, ২০২৬

ঢাকার ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ‘ব্রাউনফিশ’-এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিউ গিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে এ হামলার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের নামে একটি মন্তব্য সম্বলিত ফটোকার্ড (১, ২) প্রচারিত হচ্ছে।

প্রচারিত ফটোকার্ডটিতে ডা. জাহেদ উর রহমানকে উদ্ধৃত করে বলা হয়েছে, “অশ্লীল ভিডিও ধারণ হচ্ছে এমন অভিযোগে একটা স্টুডিওতে এলাকাবাসী ভাঙচুর করেছে। সবকিছুতে সরকারকে দায়ী করা ঠিক না। কারো পর্নোগ্রাফি শুটিংয়ের নিরাপত্তা দেয়া সরকারের কাজ না।” ফটোকার্ডটিতে এর তথ্যসূত্র হিসেবে দৈনিক প্রথম আলোর নাম উল্লেখ করা হয়েছে।

তবে অনুসন্ধানে ডা. জাহেদ উর রহমানের এমন কোনো মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। ফটোকার্ডে উল্লিখিত সূত্র ধরে প্রথম আলোর ওয়েবসাইট ও ফেসবুক পেজে অনুসন্ধান করেও তার নামে এমন কোনো মন্তব্য বা এ সংক্রান্ত কোনো সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি। একইভাবে ডা. জাহেদ উর রহমানের ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে অনুসন্ধান করে এমন কোনো বক্তব্যের সন্ধান মেলেনি। এছাড়া দেশের অন্যান্য নির্ভরযোগ্য সংবাদমাধ্যমেও তার নামে এ ধরনের কোনো মন্তব্য প্রকাশের তথ্য পাওয়া যায়নি।

ফলে প্রচারিত ফটোকার্ডে ডা. জাহেদ উর রহমানের নামে যে মন্তব্যটি তুলে ধরা হয়েছে, তার পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র বা প্রমাণ পাওয়া যায়নি। ফটোকার্ডে প্রথম আলোর নাম সূত্র হিসেবে ব্যবহার করা হলেও সংবাদমাধ্যমটির ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ বক্তব্যের কোনো অস্তিত্ব নেই।

অতএব, ডা. জাহেদ উর রহমানের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া এবং প্রথম আলোর সূত্র উল্লেখ করে তৈরি করা ফটোকার্ডটিও ভুয়া।