সত্য জানুন, সচেতন থাকুন

Bangla Check
মিথ্যা

দিল্লিতে শেখ হাসিনার সাম্প্রতিক ভিডিও দাবিতে ২০১৯ সালের ভিডিও প্রচার

Mahfuz Hamdan ২ মিনিট পড়ুন ২ বার পড়া হয়েছে
দিল্লিতে শেখ হাসিনার সাম্প্রতিক ভিডিও দাবিতে ২০১৯ সালের ভিডিও প্রচার

প্রথম প্রকাশ: অক্টোবর ৪, ২০২৬

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, “দিল্লিতে আন্তর্জাতিক একটি কনফারেন্সে অংশ নিতে হোটেল লবিতে শেখ হাসিনা”। একই ভিডিও ভিন্ন ভিন্ন ক্যাপশনেও প্রচারিত হচ্ছে। কেউ কেউ এটিকে “দিল্লিতে গোপনে ধারণ করা শেখ হাসিনার ভিডিও” বলেও দাবি করছেন। ভিডিওটিতে শেখ হাসিনাকে একটি হোটেলের লবিতে এস্কেলেটর দিয়ে নিচে নামতে দেখা যায়।

তবে অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, এটি প্রায় সাত বছর আগের। ২০১৯ সালের ৩ অক্টোবর সময় টিভিতে প্রচারিত একটি সংবাদে একই ভিডিওর দৃশ্য পাওয়া যায়। “বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগের আহবানঃ শেখ হাসিনা। India Economic summit” শিরোনামের ওই প্রতিবেদনে ভিডিওটি ব্যবহার করা হয়েছিল।

এছাড়া, ২০১৯ সালের ২ অক্টোবর দ্য ডেইলি স্টারে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ইন্ডিয়া ইকোনমিক সামিটে যোগ দিতে চার দিনের সরকারি সফরে ৩ অক্টোবর নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

পরবর্তী অনুসন্ধানে ৩ অক্টোবর ২০১৯ নয়াদিল্লির হোটেল তাজ প্যালেসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইন্ডিয়া ইকোনমিক সামিটে শেখ হাসিনার অংশগ্রহণের ছবি পাওয়া যায়। ওই ছবিতে শেখ হাসিনার পরনে থাকা শাড়ি এবং প্রচারিত ভিডিওতে তাঁর পরনের শাড়ি একই। ভিডিওর স্থান ও সময় সম্পর্কেও এটি ২০১৯ সালের ওই ভারত সফরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এদিকে, ৭ অক্টোবর ২০১৯ দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ অক্টোবর রাতে দেশে ফিরেছেন। অর্থাৎ প্রচারিত ভিডিওটি যে সময়ের, সে সময়ে শেখ হাসিনা সরকারি সফরে ভারতে অবস্থান করছিলেন এবং ৩ অক্টোবর নয়াদিল্লির হোটেল তাজ প্যালেসে অনুষ্ঠিত ইন্ডিয়া ইকোনমিক সামিটে অংশ নিয়েছিলেন।

সুতরাং, প্রায় সাত বছর আগের শেখ হাসিনার ভারত সফরের সময় ধারণ করা ভিডিওকে সাম্প্রতিক সময়ের কিংবা “দিল্লিতে গোপনে ধারণ করা” ভিডিও হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর। প্রচারিত ভিডিওটি ৩ অক্টোবর ২০১৯ নয়াদিল্লির হোটেল তাজ প্যালেসে অনুষ্ঠিত ইন্ডিয়া ইকোনমিক সামিটে শেখ হাসিনার অংশগ্রহণের সময়কার।

তথ্যসূত্র ও যাচাইয়ের পদ্ধতি

এই রায়ের পেছনে যে উৎসগুলো দেখা হয়েছে:

  1. ১
    The Daily Star bangla.thedailystar.net
  2. ২
    The Daily Star bangla.thedailystar.net
  3. ৩
    The Daily Star bangla.thedailystar.net