সত্য জানুন, সচেতন থাকুন

Bangla Check
বিভ্রান্তিকর

‘ইলেকট্রিক শক দিয়ে ছিনতাইয়ের নতুন কৌশল’ দাবিতে প্রচারিত ভিডিওটি স্ক্রিপ্টেড

Mahfuz Hamdan ২ মিনিট পড়ুন ১ বার পড়া হয়েছে
‘ইলেকট্রিক শক দিয়ে ছিনতাইয়ের নতুন কৌশল’ দাবিতে প্রচারিত ভিডিওটি স্ক্রিপ্টেড

দাবির উৎস: সামাজিক যোগাযোগমাধ্যম

প্রথম প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ছিনতাইয়ের নতুন কৌশল ইলেকট্রিক শক’ দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

প্রচারিত ভিডিওতে দেখা যায়, এক কিশোর ফোনে কথা বলা এক ব্যক্তির পেছনে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ পর কিশোরটি ওই ব্যক্তির ঘাড়ে কিছু একটা স্পর্শ করলে তিনি ঘাড় চুলকাতে শুরু করেন। একপর্যায়ে ওই ব্যক্তি তাঁর কাঁধের ব্যাগটি পাশে থাকা একটি মোটরসাইকেলের ওপর রাখেন। তখন কিশোরটি ব্যাগ, মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়। ভিডিওটি প্রচার করে দাবি করা হচ্ছে, এটি ইলেকট্রিক শক দিয়ে ছিনতাইয়ের নতুন কৌশল।

ভিডিওটি টেলিভিশন চ্যানেল SATV-এর ফেসবুক পেজ থেকেও একই দাবিতে প্রচার করা হয়েছে। ভিডিওটির ক্যাপশনে #DhakaBangladesh হ্যাশট্যাগও ব্যবহার করা হয়েছে। এমন দাবিতে প্রচারিত আরও কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত SATV-এর পোস্টটিতে প্রায় ১ লাখ ৯০ হাজার রিঅ্যাকশন পড়েছে এবং এটি ৫৮ হাজারের বেশি বার শেয়ার হয়েছে।

তবে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি কোনো বাস্তব ছিনতাইয়ের ঘটনার নয়; বরং এটি একটি স্ক্রিপ্টেড ভিডিও।

ভিডিওটির কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে এটি ভারতের ‘The Ghumakkad’ নামের একটি ফেসবুক পেজে পাওয়া যায়। সেখানে ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, যার বাংলা অর্থ দাঁড়ায়, “এটা দেখুন, ভিক্ষুক যা করেছে তা দেখলে বিশ্বাস করতে পারবেন না।” একই পোস্টের নিচে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, “This is not a real incident just made for entertainment and awareness purpose”। অর্থাৎ, “এটি কোনো বাস্তব ঘটনা নয়। এটি শুধু বিনোদন ও সচেতনতার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।”

এছাড়া ‘The Ghumakkad’ পেজটিতে একই ধরনের আরও একাধিক ভিডিও পাওয়া যায়। প্রচারিত ভিডিওতে থাকা একই কিশোরকে নিয়েও পেজটিতে একাধিক ভিডিও প্রকাশ করা হয়েছে। এসব ভিডিওর ধরন ও উপস্থাপন থেকে বোঝা যায়, এগুলো বাস্তব ঘটনার দৃশ্য হিসেবে নয়, বরং পরিকল্পিতভাবে তৈরি কনটেন্ট হিসেবে প্রকাশ করা হয়েছে।

পেজটির বায়োতেও এ বিষয়ে স্পষ্ট ঘোষণা রয়েছে। সেখানে বলা হয়েছে, “All videos on this page are scripted or made purely for awareness & entertainment purposes. Please don’t take them seriously.” অর্থাৎ, পেজটির সব ভিডিওই স্ক্রিপ্টেড অথবা শুধুমাত্র সচেতনতা ও বিনোদনের উদ্দেশ্যে তৈরি এবং এগুলোকে বাস্তব ঘটনা হিসেবে না নেওয়ার জন্য দর্শকদের সতর্ক করা হয়েছে।

অতএব, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ছিনতাইয়ের নতুন কৌশল ইলেকট্রিক শক’ দাবিতে প্রচারিত ভিডিওটি কোনো বাস্তব ছিনতাইয়ের ঘটনার দৃশ্য নয়। এটি ভারতীয় একটি পেজে প্রকাশিত স্ক্রিপ্টেড ভিডিও, যা বিনোদন ও সচেতনতার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।